ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা, ইমাম-খতিবদের সতর্ক থাকার আহ্বান

সময়: 9:27 am - July 11, 2026 |

মানব কথা: ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচয় ব্যবহার করে টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতার তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করে জানিয়েছে, প্রধান কার্যালয় বা এর কোনো জেলা-উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কোনো ব্যক্তি সরকারি অনুদান, সম্মানী, ভাতা বা আর্থিক সুবিধার কথা বলে ব্যাংক হিসাব, ওটিপি, পিন নম্বর বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চাইলে তা প্রতারণার অংশ হতে পারে। এ কারণে দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণার কোনো চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন এবং ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল থেকে এ ধরনের প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Share Now

এই বিভাগের আরও খবর