‘শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতেই ফিরবেন’— নাহিদ ইসলাম
মানব কথা: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন। নাহিদ ইসলাম বলেন, দেশে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে। এখন সরকারের দায়িত্ব কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা। সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, কীভাবে ফিরবেন বা আত্মসমর্পণ করবেন কি না—এসব সিদ্ধান্ত তার ব্যক্তিগত নয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেই ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে তা বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই হওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের দলগত বিচার নিয়েও সরকার ভাবছে এবং সেটিই সঠিক পদক্ষেপ হবে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি আরও বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির কোনো প্রচেষ্টা হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে এবং এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।









