ইউএনজিএর ৮১তম অধিবেশন ঘিরে কূটনৈতিক তৎপরতা, তিন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

সময়: 9:27 am - July 15, 2026 |

আন্তর্জাতিক ডেস্ক:জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে আসন্ন সাধারণ পরিষদের অগ্রাধিকারমূলক বিষয়, বহুপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়েছে। বুধবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার নিউইয়র্কে ড. খলিলুর রহমান স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল অগ্রাধিকার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বহুপাক্ষিক কূটনীতি জোরদার এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।ড. খলিলুর রহমান বৈঠকে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্র-নেতৃত্বাধীন সাধারণ পরিষদ পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি অধিবেশনজুড়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউএনজিএর ৮১তম অধিবেশন শুরুর আগে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে ড. খলিলুর রহমানের ধারাবাহিক কূটনৈতিক সংলাপের অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার মাধ্যমে আসন্ন অধিবেশনে ঐকমত্যভিত্তিক কার্যক্রম পরিচালনার ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর