সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের: গণপূর্ত মন্ত্রী
মানব কথা:দেশজুড়ে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সারাদেশে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রী বলেন, নাগরিকদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকার উন্মুক্ত স্থান, পার্ক ও খেলার মাঠের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে বর্তমানে দেশব্যাপী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সম্ভাব্য স্থান নির্ধারণের কাজ চলছে। তিনি আরও জানান, রাজধানীর ফার্মগেটে আনোয়ারা উদ্যানে একটি পার্ক নির্মাণ, রামপুরা ও খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকায় তিনটি খেলার মাঠ উন্নয়ন এবং খিলগাঁও পুনর্বাসন এলাকায় ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।জাকারিয়া তাহের বলেন, ইতোমধ্যে চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়া রাজধানীর ঐতিহ্যবাহী রমনা পার্কের আধুনিকায়ন সম্পন্ন করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তিনি জানান, ময়মনসিংহ জেলার তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। গণপূর্ত মন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সরকার উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আধুনিক নির্মাণ প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বতন্ত্র পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পর্যাপ্ত সবুজায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।









