মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করা হবে মোজাফফরকে
মানব কথা: জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে গ্রেপ্তার হওয়া আরেক আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে বিভিন্ন সময়ে মোজাফফর হোসেনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়।উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।
প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তার সম্পৃক্ততা তদন্তে উঠে এসেছে। এ কারণে মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।









