মুক্তির আগেই বাজিমাত, ৪৮ ঘণ্টায় ‘জন নায়াগান’-এর টিকিট বিক্রি ১৫ কোটি টাকা

সময়: 7:05 am - July 22, 2026 |

বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিজয়ের ঘোষিত শেষ সিনেমা। আর তার আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ–এর তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শুধু অগ্রিম বুকিং থেকেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি টাকা। অন্যদিকে, প্রথম সপ্তাহান্তের জন্য বিশ্বব্যাপী প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

জানা গেছে, কোনো ধরনের বড় প্রচারণা ছাড়াই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সারা ভারতে ছবিটির জন্য প্রায় ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদার কারণে টিকিট বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে হল কর্তৃপক্ষকে।

দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। এর মধ্যে গত ৯ এপ্রিল ছবিটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় নির্মাতারা বড় ধাক্কা খেয়েছিলেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

পরিচালক এইচ. বিনোথ নির্মিত অ্যাকশন-ড্রামা ‘জন নায়াগান’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওলপ্রকাশ রাজ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর

রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দিয়ে বিজয় আগেই জানিয়েছিলেন, ‘জন নায়াগান’-ই হতে যাচ্ছে তার অভিনয়জীবনের শেষ সিনেমা। ফলে প্রিয় তারকার বিদায়ী সিনেমা ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি বছরের অন্যতম সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়তে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর