মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: বিচারপতি দস্তগীর

সময়: 7:24 am - July 22, 2026 |

মানব কথা:মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। তিনি বলেন, সাংবাদিকরা জনসচেতনতা তৈরির মাধ্যমে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আন্তরিকভাবে কাজ করলে মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত “মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আ. ন. ম. মেশকাত উদ্দিন। তিনি বলেন, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। অভিভাবকদের সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে, তাদের চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি হলে মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রহমান, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, জিয়া সাংস্কৃতিক জোটের নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার, ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মুসফেকুল আলম এবং বাংলাদেশ নৃত্য শিল্পী পরিষদের সভাপতি ফারহানা চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিআরসি’র সভাপতি আলী আশরাফ আখন্দ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।আলোচনা শেষে অংশগ্রহণকারীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর