নবদিগন্ত স্কুলসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান, শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে বিএনপি নেতার উদ্যোগ
মানব কথা:ঢাকার আদাবর থানার বেড়িবাঁধ ও সুনিবিড় হাউজিংয়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত নবদিগন্ত হাইস্কুলসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানের ফলে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতের পাশাপাশি এলাকাবাসীর চলাচলেও স্বস্তি ফিরেছে। স্থানীয়দের অভিযোগ ছিল, স্কুলের প্রধান ফটকের সামনে ময়লা-আবর্জনার স্তূপ, যেখানে-সেখানে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি বখাটেদের আড্ডা ও জুয়ার আসর বসার কারণেও বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছিল। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, জনদুর্ভোগ কমানো এবং স্কুলসংলগ্ন এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে আদাবর থানা পুলিশের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নবদিগন্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী।
এ সময় কামাল হোসেন সরকার বলেন, “প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয় বাসিন্দারা অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বিদ্যালয়কেন্দ্রিক পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ হবে এবং শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে স্কুল ও আশপাশের এলাকায় অবৈধ দখল, যানজট ও বিশৃঙ্খলা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।









