আগস্টে দুই দফায় মিলতে পারে টানা ৮ দিনের ছুটির সুযোগ
মানব কথা:চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক (ক্যাজুয়াল) বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। একইভাবে, ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ঈদে মিলাদুন্নবীর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি গ্রহণ করলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে। ফলে আগস্ট মাসে মাত্র দুই দিন নৈমিত্তিক ছুটি ব্যবহার করে মোট আট দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে এই সুবিধা জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, রেলওয়ে, বন্দর, বিমানবন্দর, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি প্রতিষ্ঠানে কর্মরতদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। সরকারি চাকরিজীবীদের অনেকেই মনে করছেন, এ সুযোগ কাজে লাগিয়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো কিংবা দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণের পরিকল্পনা করা সহজ হবে। আগস্ট মাসের এই দুই দফা দীর্ঘ ছুটি কর্মব্যস্ত জীবনে স্বস্তি এনে দেবে বলেও আশা করছেন তারা।









