আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি, সেপ্টেম্বরে থাকবে ১১ দিন

সময়: 9:00 am - August 3, 2026 |

মানব কথা:চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১২ দিন বন্ধ থাকবে। একইভাবে আগামী সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে ৯ দিনের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রয়েছে তিনটি সরকারি ছুটি। এগুলো হলো ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি চাহার সোম্বা’ এবং ২৬ আগস্ট ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’। ফলে মাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১২ দিন ছুটি উপভোগ করবেন। অন্যদিকে, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস মিলিয়ে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সময়ে মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, মহামারি বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বা বিশেষ ছুটি ঘোষণা করতে পারবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত ছুটির পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান নির্বিঘ্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে ছুটির সময় শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে অভিভাবকদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর