গ্যাস সরবরাহ ২ থেকে ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

সময়: 3:45 pm - August 6, 2026 |

মানব কথা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এফএসআরইউ-এর (ফ্লটিং স্টোরেজ এন্ড রিগাসিফিকেশন ইউনিট) কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দেশের গ্যাস সরবরাহ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল। বিকেলে সেই ত্রুটি মেরামত করা হয়েছে।’ ইকবাল হাসান মাহমুদ বলেন, ধীরে ধীরে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হবে এবং গ্যাসের চাপ পর্যায়ক্রমে আরও বাড়বে। গ্যাস সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। আশা করছি, আমরা বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব।’ মন্ত্রী বলেন, সাময়িক গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। গ্যাসের অভাবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হওয়ায় দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দেখা দিয়েছে। গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসার অভিযোগ যাচাইয়ের জন্য ভোক্তাদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার আহ্বান জানান বিদ্যুৎমন্ত্রী । তিনি বলেন, ‘গ্রাহকদের বিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু অনেকেই সে নির্দেশনা অনুসরণ করেননি।’ তিনি আরও জানান, জুন-জুলাই বিলিং সময়ের জন্য বিদ্যুতের ট্যারিফ পুনর্র্নিধারণ করা হয়েছে। এর আগে মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এর আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছি। ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিও নিয়মিত বৈঠক ছিল। ভারত আমাদের প্রতিবেশী দেশ হওয়ায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে এবং সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।’ সূত্র :বাসস

Share Now

এই বিভাগের আরও খবর