বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হলেন মনজুর আলম প্রধান
মানব কথা: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের(বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধান। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়। এর আগে গত ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ৬ আগস্ট তাঁকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করা হয়। এর ফলে বিপিসির চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। সেই শূন্য পদে আপাতত অতিরিক্ত দায়িত্ব হিসেবে মো. মনজুর আলম প্রধানকে দায়িত্ব দেওয়া হলো।
বিপিসি দেশের জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, বিপণন ও সরবরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে মনজুর আলম প্রধান বিপিসির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।









