‘মন্ত্রীর জুতা টানা’ প্রচারণা অসত্য ও বিভ্রান্তিকর: পুলিশ
মানব কথা: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে পুলিশকে হেয় করার উদ্দেশ্যেই এমন প্রচারণা চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করা হয়। পুলিশ জানায়, গত ৭ আগস্ট শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানার আওতাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে নামাজ পড়তে যান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল। বাংলাদেশ পুলিশ বলছে, ওই সময়ের একটি দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা ছড়িয়ে পড়ে। তবে প্রকৃত ঘটনা এমন নয় বলে দাবি পুলিশের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এ ধরনের প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং ঘটনার প্রকৃত চিত্রের সঙ্গে এর কোনো মিল নেই।
একই সঙ্গে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, একটি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হেয় করার চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।









