এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি—মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

সময়: 11:38 am - August 13, 2026 |

মানব কথা: সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে বলে আলোচনা চলছে। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয় ও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। তবে মন্ত্রিসভায় সম্ভাব্য এই রদবদল নিয়ে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আলোচনা অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তাঁর বর্তমান দায়িত্বে থাকা মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হাতে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। অন্যদিকে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। ফলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যেই সম্ভাব্য এ দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সম্ভাব্য এই রদবদল শেষ পর্যন্ত কোন রূপ নেয়, তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

Share Now

এই বিভাগের আরও খবর