রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

সময়: 12:09 pm - August 18, 2026 |

মানব কথা: দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এদিন ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে বৈধ ও অবৈধ ভোট গণনা করে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের শুরুতে নির্বাচনী কর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানাবেন। এ নির্বাচনে ইসির প্রায় ২০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

৩৪৯ সংসদ সদস্য ভোট দেবেন:

ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সংখ্যক ব্যালট পেপার প্রস্তুত রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে কিছু অতিরিক্ত ব্যালট পেপারও সংরক্ষণ করা হবে। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট। ভোটের দিন ব্যালট পেপার ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে আগেভাগে পাঠানোর সুযোগ থাকবে না। নির্বাচন সহায়ক কর্মকর্তা ও নির্দিষ্ট স্বেচ্ছাসেবকরা সরাসরি ‘হেড ক্যারি’ করে সংসদ অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। এ কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ২০ জন কর্মকর্তার একটি দল দায়িত্ব পালন করবে।

ভোট শেষে দ্রুত ফল ঘোষণা:

ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই ঘটনাস্থলে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, প্রাথমিক ফলাফল লিখিত আকারে প্রস্তুত থাকায় গেজেট প্রকাশে অতিরিক্ত সময় লাগার কথা নয়। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ২০ আগস্ট নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে শেষ হবে।

Share Now

এই বিভাগের আরও খবর