১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
মানব কথা: চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত) হিসাবেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসেও প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।









