রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
মানব কথা: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। পরে সোমবার (১৭ আগস্ট) রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
রিটে যা বলা হয়েছিল:
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়েও রিটে প্রশ্ন তোলা হয়েছিল। তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছেন।









