রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি

সময়: 8:34 am - August 20, 2026 |

মানব কথা: প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিতে পারবেন। তবে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দিতে পারবেন না। এমনকি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সংসদ কক্ষেও তার প্রবেশের সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন ৫০ জন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন। অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভোট দিতে পারবেন না। এ বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

জিততে প্রয়োজন ১৭৫ ভোট:

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ১৭৫টি ভোট পেতে হবে। সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্য সংখ্যা ৯০। এর মধ্যে জামায়াতে ইসলামীর ৭৭ জন সদস্য রয়েছেন। জামায়াতের সমর্থনে নির্বাচিত জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শেষে বৈধ ও অবৈধ ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবারের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Share Now

এই বিভাগের আরও খবর