রাষ্ট্রপতি নির্বাচন: শপথ নিলেই মির্জা ফখরুলের এমপি-মন্ত্রীর পদ শূন্য হবে: চিফ হুইপ

সময়: 9:16 am - August 20, 2026 |

মানব কথা:নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ হারাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। এরপর তিনি আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না; রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হওয়ার পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ বিষয়ে তার দল জামায়াতে ইসলামী বলতে পারবে।

ভোট দেবেন স্পিকার হাফিজ উদ্দিন:

বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট শেষে গণনা করে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

Share Now

এই বিভাগের আরও খবর