দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার ব্যাহত হয়েছে: মঈন খান

সময়: 11:45 am - August 22, 2026 |

 মানব কথা :দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপি বারবার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন।’মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশের একটি ক্রান্তিকালে মানুষ যখন দিকনির্দেশনাহীন ছিল এবং স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় এসেছিল, তখন নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করা একটি রাজনৈতিক দল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে মঈন খান বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আর বিএনপি প্রতিবারই নতুন করে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।’এর আগে শনিবার দুপুর সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ দুপুর পৌনে ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। তিনি দুপুর ১টা ৫২ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন শেষে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে তারা পৃথকভাবে জাতীয় স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

Share Now

এই বিভাগের আরও খবর