হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সময়: 11:51 am - August 22, 2026 |

মানব কথা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮০ শিশু। শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮১৫ জন। এ ছাড়া গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ শিশু। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে আরও ৫৯৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৮ হাজার ২৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে প্রতিদিন হাম ও হামের উপসর্গে আক্রান্ত, হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগও রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর