পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল
মানব কথা:ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পকে আরো বেগবান করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল রোববার বিকেলে জেলার পর্যটন শিল্প বিকাশসহ কাপ্তাই লেকের নৈসর্গিক অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে শহরের রাঙ্গামাটি শিশু পার্কের ভিতরে দৃষ্টিনন্দন ওয়ার্চ টাওয়ারের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বাসস’কে জানান, রাঙ্গামাটির পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তুলতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটিতে দৃষ্টি নন্দন এই ওয়ার্চ টাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে। দৃষ্টি নন্দন এই ওয়ার্চ টাওয়ার উদ্বোধনের পর পার্বত্য প্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা নবনির্মিত ওয়ার্চ টাওয়ারটি ঘুরে দেখেন। দৃষ্টি নন্দন এই ওয়ার্চ টাওয়ার রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকদের মাঝে বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। সূত্র : বাসস








