দেশে এক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
মানব কথা:দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়—অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত—বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। আগস্টে মৃত্যুর সংখ্যা ২৮ জনে পৌঁছানোয় চলতি মাসেও ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।









