শিবচরে বিএনপিকে শক্তিশালী করতে কামাল জামান ওরফে নুরুদ্দিন মোল্লাকে দায়িত্ব দেওয়ার দাবি
শিবচর উপজেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে কামাল জামান ওরফে নুরুদ্দিন মোল্লাকে দলীয় দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির তৃণমূলের একাংশ।দাবিদারদের ভাষ্য, শিবচরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূলের পরীক্ষিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের সক্রিয় করা প্রয়োজন। তাদের দাবি, নুরুদ্দিন মোল্লা বিএনপির দুঃসময়ে দলের সঙ্গে ছিলেন এবং তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। ফলে তাঁকে দলীয় কর্মকাণ্ডে ফিরিয়ে আনা হলে শিবচর বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়বে। তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি ও কর্মীসভায় আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে দলের দীর্ঘদিনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলেও দাবি করছেন তাঁরা।
তাদের মতে, বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নেওয়া জরুরি। পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে পরীক্ষিত নেতাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। দাবিদারদের একজন বলেন, “শিবচর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূলের পরীক্ষিত নেতাদের সামনে আনতে হবে। নুরুদ্দিন মোল্লাকে দ্রুত দলীয় কর্মকাণ্ডে ফিরিয়ে এনে উপজেলা বিএনপির নেতৃত্বে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।” তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি বিবেচনা করে নুরুদ্দিন মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাঁকে দলীয় দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।















