সারের কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
মানব কথা: দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে এবং বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেন এবং কোনো কৃষক অভিযোগ করেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপও বাতিল করা হতে পারে। তিনি বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সারের সংকট মোকাবিলায় ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ডিলারদের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম তদারকি করা হবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে সঠিক সময়ে এবং ন্যায্য দামে সার পান, তা নিশ্চিত করতে হবে। সার সংকট মোকাবিলায় নতুন করে ডিলার নিয়োগের বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আসন্ন আমন মৌসুমে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক ও সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করে উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় তদারকির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি সার ডিলার, খুচরা সার ডিলার ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।









