গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
মানব কথা:বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নিয়োগপত্র হাতে পেয়ে পরিবারের সদস্যদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ত্যাগ রাষ্ট্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।









