লালদিয়া টার্মিনাল হবে আঞ্চলিক বাণিজ্যের নতুন হাব: অর্থমন্ত্রী

সময়: 12:23 pm - August 30, 2026 |

মানব কথা: দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, লালদিয়া কনটেইনার টার্মিনালের সুফল শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আধুনিক এই টার্মিনাল পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আঞ্চলিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে উঠবে। রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেনমার্কভিত্তিক আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী করার কথা প্রায়ই বলা হয়। তবে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে তৈরি করা যায় না; বরং ধারাবাহিক বিনিয়োগ ও বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তারের মধ্য দিয়ে চট্টগ্রাম স্বাভাবিকভাবেই বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। তিনি বলেন, চট্টগ্রামে এ ধরনের আরও অনেক প্রকল্প বাস্তবায়িত হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। বিভিন্ন খাতে বিনিয়োগ ও কার্যক্রমের পরিধি যত বাড়বে, চট্টগ্রাম ততই দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। সরকারের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে ধীরে ধীরে আরও শক্তিশালী করা হচ্ছে। ডেনমার্কের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এপিএম টার্মিনালস বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরে টার্মিনাল পরিচালনা করছে। বাংলাদেশে তাদের বিনিয়োগ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। লালদিয়ায় তারা আধুনিক ও আন্তর্জাতিক মানের টার্মিনাল নির্মাণ করবে এবং এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। অর্থমন্ত্রী বলেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল চালু হলে শুধু বাংলাদেশ নয়, আশপাশের দেশ ও আঞ্চলিক বন্দরগুলোও এর সুবিধা নিতে পারবে। প্রয়োজনে আঞ্চলিক বন্দরগুলো লালদিয়া টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং করতে পারবে। এতে দেশের বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ড আরও বাড়বে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার নতুন সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকলেও বিদেশি বিনিয়োগের গতি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়তে থাকলে বাংলাদেশ এ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদেরও এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম বন্দরে নতুন অধ্যায়:

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি। বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ড দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। লালদিয়া কনটেইনার টার্মিনালের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাস্তবায়িত এই প্রকল্পে আধুনিক বিভিন্ন সুবিধা থাকবে বলেও জানান তিনি।

আধুনিক প্রযুক্তি ব্যবহার:

এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড বলেন, লালদিয়া টার্মিনালে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। টার্মিনালে সাতটি শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৩২টি ইলেকট্রিক রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৪১টি ইলেকট্রিক টার্মিনাল ট্র্যাক্টর থাকবে। এর ফলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা আরও বাড়বে বলে তিনি জানান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান গেটওয়ে। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি এবং ৯৮ শতাংশের বেশি কনটেইনার হ্যান্ডলিং এই বন্দরের মাধ্যমে হয়ে থাকে। তিনি বলেন, আগামী ১০ বছরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানানো হচ্ছে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, এপিএম টার্মিনালসের বিভি’র গ্লোবাল হেড অব বিজনেস ইমপ্লেমেন্টেশন জ্যাক ক্রেইগ এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আমিরুল হক, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ অতিথিরা লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর