২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
মানব কথা: দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ২১৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে। হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।









