রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 9:19 am - September 6, 2026 |

জিয়াউল হক টুটুল:
রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশসহ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন এ বৈঠকের আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ ক্রমেই বাড়ছে। নয় বছরের বেশি সময় ধরে চলমান এই সংকটকে শুধু মানবিক সহায়তার মাধ্যমে মোকাবিলা করে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি করে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন ও কার্যকর কৌশল নির্ধারণ করা জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। বিশ্বের অন্যান্য সংঘাত ও সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব না হারায়, সেদিকেও নজর দিতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ, প্রভাবশালী রাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর উদ্যোগ ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। তাই মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর