চাটখিল ভীমপুর হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
চাটখিল উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের সভাপতি ও পৌর বিএনপির সদস্য সচিব সম্ভাব্য মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। বিদ্যালয়ের শিক্ষক মহিন উদ্দিন মোঃ বাকেরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, স্কুলের কো-অপ-সদস্য মিজানুর রহমান ভুলু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করার পরামর্শ দেন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ, সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









