‘তিন নম্বর জন ডান, আলহামদুলিল্লাহ’—পরীমণির পোস্টে ভক্তদের নানা প্রশ্ন

সময়: 11:37 am - September 7, 2026 |

বিনোদন ডেস্ক:ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ঘিরে আলোচনা যেন থামছেই না। কাজের খবর, ব্যক্তিগত জীবন কিংবা সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত—বিভিন্ন বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এবার কোলে এক শিশুকে নিয়ে ছবি পোস্ট করে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ছবিতে দেখা যায়, সাদা পোশাক ও চোখে সানগ্লাস পরা অভিনেত্রী গাড়িতে বসে আছেন। তার কোলে রয়েছে ফুটফুটে এক শিশু।

ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে কি আবারও মা হলেন পরীমণি—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।পোস্টটির কমেন্ট বক্সে ভক্তদের নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে জানান, ‘ছেলে।’অন্য এক ভক্ত মজা করে জানতে চান, আর কত সন্তান নেবেন তিনি? জবাবে অভিনেত্রী লেখেন, ‘আর ৯৭টা।’ তার এমন মজার উত্তরও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

পরীমণি বরাবরই শিশুদের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারেও একাধিকবার অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে নতুন শিশুকে ঘিরে অনেকে ধারণা করছেন, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। এর আগে একটি কন্যাশিশুকে দত্তক নেওয়ার খবরও সামনে এসেছিল। তবে নতুন শিশুটিকে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তাদের ঘরে আসে ছেলে সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন অভিনেত্রী। পরবর্তীতে কন্যাশিশু দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সন্তানদের নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমণি। অভিনয়জীবনে ‘ভালোবাসা সীমাহীন’, ‘মহুয়া সুন্দরী’ ও ‘রক্ত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর