সোনালী আঁশের রূপান্তর: বহুমুখী পাটপণ্যে নতুন সম্ভাবনা

সময়: 8:46 am - September 16, 2026 |

বিশেষ প্রতিনিধি:

একসময় পাট মানেই ছিল চটের বস্তা, দড়ি কিংবা সাধারণ প্যাকেজিং সামগ্রী। তবে প্রযুক্তি, আধুনিক নকশা ও উদ্যোক্তাদের নতুন উদ্যোগে সেই চেনা পাট এখন রূপ নিচ্ছে বহুমুখী ও উচ্চমূল্যের পণ্যে। পোশাক ও ফ্যাশনসামগ্রী থেকে শুরু করে হোম ডেকর, প্যাকেজিং, গিফট আইটেম এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল—পাটের ব্যবহার এখন ছড়িয়ে পড়ছে নানা ক্ষেত্রে। ঢাকার অদূরের একটি হস্তশিল্প কারখানায় পাটের তৈরি ল্যাপটপ ব্যাগে ফিনিশিংয়ের কাজ করছিলেন পঞ্চাশোর্ধ্ব সুফিয়া বেগম। তার সামনে ছিল বিভিন্ন রঙের সুতো ও প্রক্রিয়াজাত পাটের ফেব্রিক। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে তিনি বললেন, একসময় পাটের কাজ বলতে শুধু বস্তা সেলাই বোঝা হলেও এখন পাটের তৈরি ব্যাগ ইউরোপের বাজারেও যাচ্ছে। সুফিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের পাট খাতের পরিবর্তনের একটি চিত্র তুলে ধরে। কৃষিনির্ভর ঐতিহ্যবাহী এ পণ্য এখন পরিবেশবান্ধব ও আধুনিক লাইফস্টাইল পণ্যের কাঁচামাল হিসেবে নতুন বাজার তৈরি করছে।

বস্তার গণ্ডি পেরিয়ে ফ্যাশনপণ্য:

কালের বিবর্তন ও প্রযুক্তির ব্যবহারে পাটের প্রচলিত ব্যবহার অনেকটাই বদলে গেছে। কারিগর ও ডিজাইনারদের যৌথ উদ্যোগে পাট থেকে তৈরি হচ্ছে আধুনিক নকশার লেডিস হ্যান্ডব্যাগ, করপোরেট অফিস ফাইল, ল্যাপটপ ব্যাগ, জুতা ও জ্যাকেট। এ ছাড়া হোম ডেকর ও ইন্টেরিয়র পণ্য হিসেবেও পাটের ব্যবহার বাড়ছে। পাট দিয়ে তৈরি হচ্ছে ওয়ালম্যাট, ডাইনিং টেবিল রানার, কার্পেট, জানালার পর্দা ও কুশন কভার। এসব পণ্য দেশীয় বাজারের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছেও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে জায়গা করে নিচ্ছে। প্যাকেজিং খাতেও পাটের সম্ভাবনা বাড়ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের শপিং ব্যাগ, গহনার বাক্স ও বিভিন্ন ধরনের গিফট সামগ্রী তৈরি হচ্ছে। পাটের তৈরি পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহারও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২৮২টি পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে কাঁচা পাট বা প্রচলিত পাটপণ্যের বাইরে মূল্য সংযোজন করে নতুন নতুন পণ্য তৈরির সুযোগ তৈরি হয়েছে।

পাটকাঠিও এখন মূল্যবান সম্পদ:

পাটের সম্ভাবনা শুধু আঁশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পাটকাঠি, যা দীর্ঘদিন গ্রামীণ এলাকায় জ্বালানি কিংবা পানের বরজের বেড়া তৈরিতে ব্যবহৃত হতো, সেটিও এখন শিল্পের কাঁচামাল হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ প্রক্রিয়ায় পাটকাঠি থেকে তৈরি হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল বা কার্বন পাউডার। ব্যাটারি, কসমেটিকস, কার্বন পেপার ও ফেসওয়াশসহ বিভিন্ন পণ্য তৈরিতে এ কাঁচামালের ব্যবহার রয়েছে। পাটকাঠি থেকে উৎপাদিত চারকোল চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফলে পাটের আঁশের পাশাপাশি এর উপজাত পণ্যও দেশের রপ্তানি আয় বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করছে।

প্লাস্টিকের বিকল্প হিসেবে বাড়ছে চাহিদা:

জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ায় প্লাস্টিক ও সিন্থেটিক পণ্যের বিকল্প খুঁজছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের চাহিদা বাড়ছে। বিশ্ববাজারের এই পরিবর্তিত চাহিদাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের পাট খাতের সামনে। দীর্ঘ সময় ধরে রপ্তানিতে চাপ থাকলেও সাম্প্রতিক সময়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানি ৮৮৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭ দশমিক ৮ শতাংশ বেশি। গত তিন বছরের মধ্যে এটিকে সর্বোচ্চ রপ্তানি আয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ১৩৮টি দেশে বাংলাদেশের বহুমুখী পাটজাত পণ্য পৌঁছে যাচ্ছে।

২০৩১ সালের মধ্যে রপ্তানি দ্বিগুণের লক্ষ্য:

পাট খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করেছে। ২০২৬-২০৩১ মেয়াদে ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য ২০৩১ সালের মধ্যে পাট খাতের রপ্তানি আয় বর্তমানের তুলনায় দ্বিগুণ করে ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। একই সঙ্গে উচ্চমূল্যের বহুমুখী পাটপণ্যের অংশ ৭০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় পাটপণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার তৈরি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বন্ধ পাটকল চালুর উদ্যোগ:

রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকলগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় উৎপাদনে আনার উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ১৪টি ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। অবশিষ্ট পাটকলগুলোও ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালু করার লক্ষ্য রয়েছে। এসব কারখানা আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনে ফিরলে পাটপণ্যের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আন্তর্জাতিক বাজার ধরতে অর্থনৈতিক কূটনীতি:

বাংলাদেশের পাটপণ্যের জন্য নতুন আন্তর্জাতিক বাজার তৈরি এবং বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে অর্থনৈতিক কূটনীতির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। দেশীয় পাটপণ্যের ব্র্যান্ডিং ও প্রচারের জন্য ঢাকায় আন্তর্জাতিক পাট প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পাটপণ্যের ডিসপ্লে সেন্টার চালুর সিদ্ধান্তও রয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটপণ্যের মান ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ঢাকা ও খুলনার প্রধান পাটপণ্য পরীক্ষাগার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারে পণ্যের মান যাচাই ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের বাজারেও বাড়ছে পাটের ব্যবহার:

শুধু রপ্তানি নয়, দেশের অভ্যন্তরীণ বাজারেও পাটের ব্যবহার বাড়ানোর উদ্যোগ রয়েছে। পরিবেশদূষণ কমাতে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ অনুযায়ী ধান, চাল, গম, সার ও চিনিসহ ১৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহারের বিধান রয়েছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও মোড়ক ব্যবহারের সুযোগ বাড়ায় দেশের অভ্যন্তরীণ বাজারেও পাটপণ্যের চাহিদা তৈরির সম্ভাবনা রয়েছে।

কৃষক থেকে রপ্তানি—চ্যালেঞ্জও রয়েছে:

পাট খাতের সম্ভাবনা থাকলেও এর টেকসই উন্নয়নের জন্য কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চাষি পর্যায়ে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, মানসম্মত কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। একই সঙ্গে বহুমুখী পাটপণ্যের উৎপাদন বাড়াতে গবেষণা ও ডিজাইনে বিনিয়োগ, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উন্নয়ন করতে হবে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ার এই সময়ে বাংলাদেশের সামনে পাট খাতকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী ‘সোনালী আঁশ’কে কেবল কাঁচামাল হিসেবে রপ্তানি না করে উচ্চমূল্যের বহুমুখী পণ্যে রূপান্তর করতে পারলে এ খাত দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানে আরও বড় ভূমিকা রাখতে পারে। পাটের এই রূপান্তর তাই শুধু একটি কৃষিপণ্যের নতুন ব্যবহার নয়; প্রযুক্তি, ডিজাইন ও পরিবেশবান্ধব উৎপাদনের সমন্বয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাতকে আধুনিক বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার নতুন সম্ভাবনাও তৈরি করছে।

Share Now

এই বিভাগের আরও খবর