গানেই ডুবে থাকতে ভালোবাসেন লিজা

সময়: 11:18 am - September 16, 2026 |

বিনোদন ডেস্ক:একটি গান দিয়েই পরিচিতি তৈরি হওয়া যেমন আনন্দের, তেমনি সেই পরিচিতি ধরে রাখাও সহজ নয়। সানিয়া সুলতানা লিজার ক্ষেত্রে সেই পরিচিতির নাম ‘ভুল করে যদি কখনো’। পেশাগত সংগীতজীবনের শুরুতে প্রকাশিত গানটি শ্রোতাদের মনে এমনভাবে জায়গা করে নেয় যে, দীর্ঘ সময় পেরিয়েও অনেকের কাছে লিজার পরিচয়ের অন্যতম সূত্র হয়ে আছে গানটি।তবে একটি গানের সাফল্যে থেমে থাকেননি এই শিল্পী। নিজের কণ্ঠ ও গায়কির স্বাতন্ত্র্য ধরে রেখে এরপর একে একে প্রকাশ করেছেন বেশ কিছু মৌলিক গান। পাশাপাশি নিয়মিত স্টেজ শোতেও ব্যস্ত সময় পার করছেন তিনি।এই প্রজন্মের নারী শিল্পীদের মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত শিল্পীদের একজন লিজা। দেশের বিভিন্ন আয়োজনে নিয়মিত গান করছেন তিনি। কোনো আয়োজনে একবার পারফর্ম করার পর আয়োজকদের কাছ থেকে আবারও আমন্ত্রণ পাওয়াকে নিজের গ্রহণযোগ্যতার অন্যতম প্রমাণ হিসেবে দেখেন এই শিল্পী। সুযোগ ও সময় মিললে স্টেজে ফিরতেও তাই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

লিজার কাছে গান শুধু পেশা নয়, স্বস্তিরও জায়গা। স্টেজের পাশাপাশি টেলিভিশন, বেতার কিংবা ব্যক্তিগত আড্ডা—সবখানেই গানের সঙ্গে থাকতে পছন্দ করেন তিনি। শিল্পী হিসেবে নিজের পরিচয়ের কেন্দ্রবিন্দুতেই গানকে রাখেন লিজা। তাই নিজেকে গানের মধ্যেই ডুবিয়ে রাখতে ভালোবাসেন এই কণ্ঠশিল্পী।সম্প্রতি লিজার কণ্ঠে প্রকাশিত দুটি মৌলিক গানও শ্রোতাদের প্রশংসা পেয়েছে। জিসান খান শুভর লেখা ও সুরে ‘তুমি বিহন’ গানটি মেলোডিয়াস ও রোমান্টিক আবহে শ্রোতাদের মন ছুঁয়েছে। এর আগে অনিক সূত্রধরের সঙ্গে গাওয়া ‘তোমার রোদেলা আকাশে’ গানটিও শ্রোতামহলে ভালো সাড়া ফেলে। লালন লোহানীর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ।

ক্যারিয়ারের আরেকটি জায়গায় অবশ্য খুব বেশি কাজ করার সুযোগ হয়নি লিজার। সিনেমার গানে তার উপস্থিতি তুলনামূলক কম। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই তার। বরং নিজের প্রাপ্তি ও বর্তমান অবস্থান নিয়েই সন্তুষ্ট এই শিল্পী।লিজা বলেন, ‘আমার কিন্তু সবসময় গানের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে। সেটা হোক স্টেজ শো, টিভি শো কিংবা বেতার, হোক গল্প-আড্ডায় গানে গানে মেতে থাকা। আমার তো পরিচয় একজন শিল্পী। যে কারণে আমার ভালোলাগা, স্বাচ্ছন্দ্যতা গানকে ঘিরেই।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমার কণ্ঠে প্রকাশিত পরপর দুটি মৌলিক গানের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আমি বছরজুড়ে স্টেজ শো করি, পাশাপাশি চেষ্টা করি একটার পর একটা মৌলিক গান প্রকাশ করতে। যদিও সিনেমায় আমার গান খুব কম। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার যা কিছু আছে, তাই নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমি।’একটি গান দিয়ে যে যাত্রার শুরু, নতুন নতুন গান ও নিয়মিত স্টেজ পারফরম্যান্সের মধ্য দিয়ে সেই পথেই এগিয়ে চলেছেন লিজা। শ্রোতাদের সঙ্গে তার সম্পর্কও তৈরি হয়েছে গানের সূত্র ধরেই। সময়ের সঙ্গে তার পরিচিতির পরিধি বাড়লেও লিজার কাছে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই—গান।

Share Now

এই বিভাগের আরও খবর