প্রথম দিনের রেকর্ডের পর দ্বিতীয় দিনেই ‘দ্য প্যারাডাইস’-এর আয়ে ধস

সময়: 9:57 am - September 26, 2026 |

বিনোদন ডেস্ক:বড় প্রত্যাশা নিয়ে মুক্তির পর প্রথম দিনেই নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছিল। তবে দ্বিতীয় দিনেই ছবিটির আয়ে বড় ধস নেমেছে। সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটির আয় প্রথম দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।শ্রীকান্ত ওদেলার পরিচালনায় নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে বুধবার ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটি ৪৬ কোটি ২৫ লাখ রুপি নেট আয় করে, যা নানির ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।

তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি ছবিটি। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ‘দ্য প্যারাডাইস’ নেট আয় করেছে ১৪ কোটি ৯০ লাখ রুপি। ফলে দুই দিনে দেশটিতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি।

এদিন ছবিটির প্রদর্শনীর প্রায় ৩১ শতাংশ আসন পূর্ণ ছিল। মোট ৭ হাজার ৪৬টি প্রদর্শনী হয়েছে।

নানির আগের দুই আলোচিত ছবি ‘হিট: দ্য থার্ড কেস’ ও ‘দশরা’র সঙ্গে তুলনা করলে দ্বিতীয় দিনের আয়ের চিত্রটি আরও স্পষ্ট হয়। ‘হিট: দ্য থার্ড কেস’ মুক্তির দ্বিতীয় দিন পর্যন্ত ৩১ কোটি ৫০ লাখ রুপি এবং ‘দশরা’ ৩২ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছিল। দ্বিতীয় দিনে ওই দুই ছবির আয় ছিল যথাক্রমে ১০ কোটি ৫০ লাখ ও ৯ কোটি ৭৫ লাখ রুপি।

‘দ্য প্যারাডাইস’-এর প্রথম দিনের সাফল্যের সঙ্গে দ্বিতীয় দিনের আয়ের ব্যবধানও বেশ স্পষ্ট। বৃহস্পতিবার সন্ধ্যার বিশেষ প্রদর্শনী থেকেই ছবিটি আয় করেছিল ১১ কোটি ৬০ লাখ রুপি। এরপর মুক্তির প্রথম দিনে আয় হয় ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। সব মিলিয়ে উদ্বোধনী আয় দাঁড়ায় ৪৬ কোটি ২৫ লাখ রুপি।তেলুগু ভাষার বাজারে এই সপ্তাহান্তে ‘দ্য প্যারাডাইস’-এর সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ফলে সপ্তাহান্তে দর্শক টানতে পারলে ছবিটির আয় আবারও বাড়তে পারে। তবে সমালোচক ও দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে ছবিটি সেই গতি ধরে রাখতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কারা অভিনয় করেছেন

শ্রীকান্ত ওদেলার পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন সুধাকর চেরুকুরি ও ইশান সাকসেনা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নানি, মোহন বাবু, কায়াদু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল।

যে গল্প নিয়ে ‘দ্য প্যারাডাইস’

১৯৮০-এর দশকে নাগরিকত্বের স্বীকৃতির জন্য লড়াই করা ‘সাভারি’ নামের একটি জনগোষ্ঠীকে ঘিরে ছবিটির গল্প। সোনালি কুলকার্নি অভিনয় করেছেন তাদের নেত্রী সম্মক্কার চরিত্রে। নানি রয়েছেন তাঁর ছেলে জাডালের ভূমিকায়।অন্যদিকে মোহন বাবু অভিনয় করেছেন সামন্তপ্রভু শিকাঞ্জা মালিকের চরিত্রে। তাঁর ছেলে বিক্রম মালিকের ভূমিকায় রয়েছেন রাঘব জুয়াল।নাগরিক হিসেবে আইনগত স্বীকৃতি না পাওয়া সাভারি জনগোষ্ঠীর লড়াইয়ের পাশাপাশি সম্মক্কা ও জাডালের সঙ্গে শিকাঞ্জা ও বিক্রমের সংঘাতও তুলে ধরা হয়েছে ছবিতে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

Share Now

এই বিভাগের আরও খবর