উর্দুভাষীদের পুনর্বাসনের দাবিতে লংমার্চসহ কর্মসূচি ঘোষণা

সময়: 8:13 am - September 30, 2026 |

মানব কথা ডেস্ক: উর্দুভাষী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান, পুনর্বাসন ও অধিকার নিশ্চিতের দাবিতে লংমার্চসহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে SPGRC সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন জেলার ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর একটি অংশ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারের কাছে সমস্যাগুলো সমাধানের দাবি জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উচ্ছেদ, পানি ও বিদ্যুৎ সংকটসহ ক্যাম্পবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলার উর্দুভাষীদের ব্যবহৃত স্কুল নিয়ে বিরোধ এবং সেগুলো দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সংগঠনের নেতারা। সংগঠনটির পক্ষ থেকে ২০২২ সালের ২১ জুন নারায়ণগঞ্জের কোম্পানী বাগান ও কুমুদিনি বাগান এলাকায় বসবাসরত প্রায় ২৫০টি পরিবার উচ্ছেদের বিষয়টি তুলে ধরা হয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখনো সমাধান হয়নি বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে SPGRC-এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম. নাসিম খানের ভূমিকার কথাও উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ জানান, তাঁর মৃত্যুর পরও উর্দুভাষী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে সংগঠনটি। এ সময় একটি মহলের বিরুদ্ধে ক্যাম্পবাসীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেন সংগঠনের নেতারা।

৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাব থেকে লংমার্চ,সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সমবেত হবেন SPGRC-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা বিভাগের উর্দুভাষীরা। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ করে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানান তারা। একই দিনে দেশের বিভিন্ন জেলার SPGRC নেতৃবৃন্দ নিজ নিজ জেলা প্রশাসকের কাছে উর্দুভাষীদের বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপি দেবেন বলেও জানানো হয়। এ ছাড়া ৩০ অক্টোবর ২০২৬ উর্দুভাষীদের সমস্যা সমাধানে পাকিস্তান সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে পাকিস্তান দূতাবাস অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর