১৭ অক্টোবরের ছুটি বাতিল, সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে
মানব কথা ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। তবে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) টানা তিন দিন ছুটি থাকবে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর সাধারণ ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার কোনো ছুটি থাকবে না। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। প্রজ্ঞাপনে ছুটির সময় জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতাবহির্ভূত থাকবেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটি পাবেন না। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ফলে ১৭ অক্টোবর শনিবার ছুটি না থাকলেও ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিন সাধারণ ছুটি ভোগ করবেন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।









