হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু। এ ছাড়া নতুন করে ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন এবং নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গসহ মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১১০ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন মোট ১ হাজার ১৪০ শিশু। হামের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা জোরদার করছে।









