হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন এবং রংপুরে একজন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫৮ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে। সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।









