সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তানজিন তিশার গাড়ি, শারীরিকভাবে সুস্থ অভিনেত্রী

সময়: 11:38 am - October 11, 2026 |

বিনোদন ডেস্ক:

বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। তবে এ ঘটনার কারণে মানিকগঞ্জে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ না দিয়ে ঢাকায় ফিরে আসেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার খবর জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। এ জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তানজিন তিশার। তাকে বরণ করে নিতে আয়োজকদের প্রস্তুতির পাশাপাশি ভক্তদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিশা বলেন, গত রাতের ঘটনা তার পক্ষে সহজে ভুলে যাওয়া সম্ভব নয়। একটি ডাম্প ট্রাকের ধাক্কায় তার গাড়িটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। কষ্টার্জিত অর্থে কেনা প্রিয় গাড়িটির এমন ক্ষতি হওয়ায় কষ্ট পেয়েছেন তিনি।

তবে গাড়ির ক্ষতির চেয়েও নিজের জীবন রক্ষা পাওয়াকে বড় করে দেখছেন এই অভিনেত্রী। দুর্ঘটনায় শরীরে কিছুটা আঘাত পেলেও বর্তমানে সুস্থ ও ভালো আছেন বলে জানান তিনি। পাশাপাশি তার খোঁজখবর নেওয়া এবং দোয়া করার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাদের আশ্বস্ত করতে গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দেন তানজিন তিশা। সেখানে কিছুটা রসিকতার সুরে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।

Share Now

এই বিভাগের আরও খবর