নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

সময়: 9:49 am - October 13, 2026 |
শহিদুল ইসলাম:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিমানবন্দরে ড. ইউনূসকে উদ্দেশ করে কিছু ব্যক্তি যে অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে, তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। বিবৃতিতে ডা. তাহের বলেন, বিশ্বব্যাপী সম্মানিত নোবেলজয়ী ড. ইউনূসকে এভাবে হেনস্তা করার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ করা কারও জন্যই সমীচীন নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকেরা বিদেশে অবস্থান করে বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং প্রবাসী ও বিদেশ সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে। তিনি বলেন, শান্তিপ্রিয় ও প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের কল্যাণে কাজ করে যাবেন বলে তিনি আশাবাদী। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর