ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে গত ৬ অক্টোবর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। সেটিই ছিল চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।









