এমপি খন্দকার আবু আশফাককে সংবর্ধনা দিলেন নবাবগঞ্জ পাইলটের প্রাক্তন শিক্ষার্থীরা
দোহার প্রতিনিধি
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাককে সংবর্ধনা দিয়েছে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। বুধবার রাত ৯টায় রাজধানীর ইস্কাটন রোডের সুইড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাহমুদ আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ব্যাংকার আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, শত বছরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। এ আয়োজন তাঁর স্কুলজীবনের স্মৃতিগুলো নতুন করে মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে সমাজের কল্যাণ এবং নবাবগঞ্জের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা খন্দকার আবু আশফাককে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধিত করেন। বিদ্যালয়ের প্রায় ৫০ বছরের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের সোনালি দিনের স্মৃতিচারণ করেন এবং পুরোনো দিনের নানা গল্পে মেতে ওঠেন।
অনুষ্ঠানে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক অর্থসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ব্যবসায়ী ওবায়দুর রহমান, সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হাকিম, সাবেক স্বাস্থ্যসচিব আলী নূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাবেক ভিপি আমজাদ হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









