চা শিল্পে বড় উদ্যোগ সরকারের, কমতে পারে ঋণের সুদ ও উৎপাদন ব্যয়

সময়: 7:25 am - October 17, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশের চা খাতের উৎপাদনশীলতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো, বাগানগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সহনীয় সুদে ঋণ, খেলাপি ঋণ পুনঃতফসিল, পুরোনো চা গাছের পরিবর্তে নতুন গাছ রোপণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চা চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে চায়ের গুণগত মান উন্নয়ন, বিশেষায়িত চায়ের উৎপাদন বাড়ানো, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান এবং প্রতিটি বাগানের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ চা বোর্ডের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে চা শিল্পের উন্নয়নে গঠিত মনিটরিং ও পরামর্শক কমিটির প্রথম সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, সভায় চা খাতের উৎপাদন, অর্থায়ন, বাগান ব্যবস্থাপনা ও রপ্তানি সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৭ শতাংশ চা দেশেই উৎপাদিত হচ্ছে। প্রথমে অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং এরপর রপ্তানি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে উৎপাদন ও গুণগত মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশের বাজার অনুসন্ধান ও রপ্তানি সম্প্রসারণে বিভিন্ন দেশের দূতাবাস, কনস্যুলেট এবং রপ্তানিসংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ জোরদার করা হচ্ছে। পাশাপাশি দেশীয় উৎপাদকেরা সবুজ চা, অর্থোডক্স চা, সাদা চা ও সিটিসি পদ্ধতিতে তৈরি কালো চাসহ বিভিন্ন ধরনের চা উৎপাদন করছেন। বিভিন্ন কোম্পানি চায়ের মিশ্রণ তৈরি করে নতুন স্বাদ ও বৈশিষ্ট্যের পণ্য বাজারজাত করার পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলছে। চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বাড়াতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গবেষণা চালিয়ে যাচ্ছে। উৎপাদন পদ্ধতি, চায়ের মিশ্রণ তৈরি এবং রপ্তানি উন্নয়নেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কমিটির সভার প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ১৭২টি চা বাগান রয়েছে। এসব বাগানের মোট জমির পরিমাণ ২ লাখ ৮৩ হাজার ৮৯৬ একর। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৬৯১ একর চাষযোগ্য জমি হিসেবে চিহ্নিত। নার্সারিসহ ১ লাখ ৫৯ হাজার ৫৯ একর জমিতে চা চাষ হচ্ছে। এ ছাড়া ১ লাখ ২৪ হাজার ৮৩৭ একর জমি অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যতে চা চাষ সম্প্রসারণের জন্য ১৬ হাজার ৯২৮ একর জমি অবশিষ্ট রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশে ৯ কোটি ৪৯ লাখ ৩০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলে উৎপাদিত হয়েছে ২ কোটি ২৩ হাজার কেজি। দেশে প্রতি হেক্টরে গড় চা উৎপাদনের পরিমাণ ছিল ১ হাজার ৫৫২ কেজি। তবে উৎপাদন বাড়ানোর সম্ভাবনা থাকলেও চা খাতের অন্যতম সমস্যা পুরোনো গাছ ও কম উৎপাদনশীলতা। কোনো কোনো বাগানে চা গাছের বয়স ৫০ থেকে ৬০ বছর বা তারও বেশি। পর্যাপ্ত নতুন গাছ রোপণ করতে না পারা, শ্রমিকের মজুরি ও উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধি এবং ভারত, শ্রীলঙ্কা ও কেনিয়ার তুলনায় কম উৎপাদনশীলতা চা উৎপাদকদের প্রতিযোগিতার সক্ষমতায় চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুরোনো বাগান পুনরুজ্জীবন, নতুন গাছ রোপণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শুধু ঋণনির্ভরতার মাধ্যমে এ শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। চা শিল্পকে নিজস্ব আর্থিক সক্ষমতায় পরিচালিত হওয়ার উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি রাজস্ব, কর ও মূল্য সংযোজন করের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে হবে।

চা খাতের আর্থিক সংকট কাটিয়ে উৎপাদন ও বিনিয়োগ সচল রাখাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে সরকার। কমিটির প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, চা খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ৪ হাজার ১৭৩ কোটি ৯৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ হাজার ১৩৩ কোটি ৬ লাখ টাকা। প্রতিবেদনে বকেয়া ঋণের পরিমাণ ১ হাজার ৮২৬ কোটি ৯ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৫১৬ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে মন্দ ঋণ ২১৪ কোটি ৪১ লাখ টাকা। পুনঃতফসিল করা ঋণের পরিমাণ ৫১৭ কোটি ৯৩ লাখ টাকা। আর্থিক চাপ কমাতে সম্ভাবনাময় চা বাগানগুলোর খেলাপি ঋণ পুনঃতফসিল এবং যোগ্য প্রতিষ্ঠানকে নতুন ঋণ দেওয়ার বিষয়টি সভায় আলোচনায় এসেছে। পাশাপাশি চা উৎপাদন ও বিনিয়োগে সহায়তা দিতে ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ১৮ হাজার কোটি টাকার আবর্তক পুনঃঅর্থায়ন কর্মসূচি থেকে ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার ৫০ কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এ অর্থ থেকে ঋণগ্রহীতাদের সর্বোচ্চ ৭ শতাংশ বার্ষিক সুদে ঋণ দেওয়ার কথা রয়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন। চা খাতের জন্য আলোচিত ৬ শতাংশ সুদের আবর্তক তহবিল এবং বিদ্যমান পুনঃঅর্থায়ন কর্মসূচি থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব দুটি পৃথক উদ্যোগ। কোনোটিই এখনো চূড়ান্ত অনুমোদন পেয়ে কার্যকর হয়নি। এ ছাড়া চা উৎপাদনে নেওয়া ঋণের সুদের হার বর্তমান ১৩ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে আনার প্রস্তাবও আলোচনায় এসেছে। ডাল, তেলবীজ, মসলা ও ভুট্টাসহ কয়েকটি ফসলের ক্ষেত্রে প্রচলিত রেয়াতি সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

চা চাষকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও কমিটির সভায় আলোচিত হয়েছে। এ স্বীকৃতি পাওয়া গেলে চা উৎপাদকেরা কৃষি খাতের জন্য প্রযোজ্য রেয়াতি ঋণসুবিধা পাওয়ার সুযোগ পেতে পারেন। বাংলাদেশ চা বোর্ড এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, চা খাতের প্রায় ৬০ শতাংশ কার্যক্রমের মধ্যে রয়েছে চারা রোপণ, গাছের পরিচর্যা, ছাঁটাই ও পাতা সংগ্রহ—যেগুলো মূলত কৃষিকাজের অন্তর্ভুক্ত। অন্যদিকে, বাকি ৪০ শতাংশ কার্যক্রম শিল্পভিত্তিক প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সম্পর্কিত। তবে শিল্প মন্ত্রণালয় এ প্রস্তাবের বিষয়ে আপত্তি জানিয়েছে। জাতীয় শিল্পনীতি ২০২২-এ চা প্রক্রিয়াজাতকরণকে শিল্প কার্যক্রম হিসেবে শ্রেণিবদ্ধ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ফলে চা খাতকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন।

চা বাগানের যেসব জমি চা চাষের উপযোগী নয়, সেসব জমিতে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে কমিটি। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি বাগানের বিভিন্ন স্থাপনার ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চা কোম্পানিগুলোকে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় চা বাগানে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ভূমিভিত্তিক বড় সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে সৌরবিদ্যুৎ প্রকল্পসহ বিকল্প বিনিয়োগের ক্ষেত্রে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে কমিটি। বিশেষ করে চা উৎপাদন এলাকা ও হাওর অঞ্চলের পরিবেশগত বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। চা বাগানের মূল বৈশিষ্ট্য বজায় রেখে বিকল্প বনায়ন, কৃষিকাজ ও অন্যান্য আয়বর্ধক কার্যক্রম পরিচালনার প্রস্তাবও এসেছে। জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ক্লাস্টারভিত্তিক উদ্যোগ ও নেট মিটারিংয়ের মতো ব্যবস্থার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ১৬ লাখ ৪০ হাজার কেজি চা রপ্তানি করেছে। একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫ হাজার কেজি। ২০২৫-২৬ অর্থবছরে চা রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩ লাখ মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে, রপ্তানি আয় হয়েছে ৭ লাখ ৮০ হাজার ডলার। রপ্তানি বাড়াতে অর্থোডক্স ও বিশেষায়িত চায়ের উৎপাদন বৃদ্ধি, ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ের উন্নয়ন, কার্যকর বিপণন এবং আন্তর্জাতিক মানসনদ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চমূল্যের বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ এবং নতুন ধরনের চা উৎপাদনে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। পাশাপাশি রেইনফরেস্ট অ্যালায়েন্সের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ অর্জনের উদ্যোগ রপ্তানি সম্প্রসারণে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। বিদেশের বাজারে চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য, মান ও প্যাকেজিং উন্নত করা গেলে বাংলাদেশের চায়ের নতুন বাজার তৈরির সুযোগ বাড়বে।

চা খাতের উন্নয়নে সরকারি সহায়তা ও ঋণসুবিধার পাশাপাশি বাগানগুলোর নিজস্ব ব্যবস্থাপনা দক্ষতা এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। প্রতিটি বাগানের সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে পৃথক কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং ও নীতিগত সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রস্তাবিত উদ্যোগগুলো প্রয়োজনীয় অনুমোদন ও অর্থায়ন সাপেক্ষে বাস্তবায়িত হলে চায়ের উৎপাদনশীলতা বাড়ানো, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বাগানগুলোর আর্থিক স্থিতিশীলতা জোরদার এবং বিকল্প আয়ের সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে বিশেষায়িত চায়ের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চা শিল্পের অবস্থান শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর