কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন
মানব কথা ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ এ আগুন লাগে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার অগ্নিকাণ্ড ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বলেন, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, আগুন লাগার পর থেকে উদ্ধার কার্যক্রম চলছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজ শেষে হতাহতের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।









