হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ৯৫০ জনের মধ্যে এবং নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৮৫ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনের মধ্যে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন। হাম একটি সংক্রামক রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের জটিলতা গুরুতর হতে পারে। তাই জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি টিকাদান ও স্বাস্থ্যবিধি অনুসরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।









