গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
মানব কথা ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কারখানার ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে প্রথম ইউনিটটি বিকেল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত প্রস্তুতি হিসেবে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।









