দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

সময়: 9:03 am - October 18, 2026 |
মানব কথা ডেস্ক:

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুদককে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। মামলাগুলোতে তাদের বিরুদ্ধে বিপুল অঙ্কের সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের করা প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। মামলার অভিযোগ অনুযায়ী, তাহমিদা বেগমের নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তার কথিত অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর