সচিবালয় স্থানান্তরে বড় উদ্যোগ, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

সময়: 9:21 am - October 18, 2026 |

মানব কথা ডেস্ক:

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। তবে প্রস্তাবটি উত্থাপন ও অনুমোদনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে। মন্ত্রিসভার বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচ্য বিষয়গুলো তুলে ধরা হতে পারে। রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বর্তমান সচিবালয়ের জায়গায় নিম্ন আদালতের কার্যক্রম শুরুর প্রস্তাবের পাশাপাশি প্রশাসনিক কেন্দ্র আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের পরিকল্পনাও সামনে এসেছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও জানান, সচিবালয় স্থানান্তর নিয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনার আলোকে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমান সচিবালয়ে গাড়ি পার্কিং ও জায়গার সংকটের কারণে প্রায়ই জটিলতা তৈরি হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায়ও নানা সীমাবদ্ধতা দেখা দেয়। এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ভবনগুলোর নিরাপত্তা, সংস্কার এবং স্থায়ী বিকল্প ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, সচিবালয় স্থানান্তরের ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজন, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও দুর্যোগকালীন নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। আগারগাঁওয়ে নতুন স্থানে সচিবালয় স্থানান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করলে নির্মাণ ও স্থানান্তরের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের চূড়ান্ত নকশা, ব্যয়, নির্মাণের সময়সীমা এবং স্থানান্তরের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর