ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৯ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন। এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭১ জনে পৌঁছেছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সূত্র :বাসস









