বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করা হবে: জামায়াত আমির

সময়: 3:33 pm - October 23, 2026 |

শহিদুল ইসলাম:

নির্বাচন ও ভোটের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নির্বাচন কমিশন কোনো ধরনের বাড়াবাড়ি করলে পুরো কমিশন দিন-রাত ঘেরাও করে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’ জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার সুযোগ নেই উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে এবং কারা সমাজ পরিচালনার দায়িত্ব পাবে। রুকনদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মধ্যে জামায়াতে ইসলামীর প্রতি আস্থা বাড়ছে। এই আস্থা ধরে রাখতে প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মেয়র কিংবা কাউন্সিলর—কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না। কোনো আসন ফাঁকা রাখা যাবে না। প্রতিটি এলাকায় যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।

সমাজে অন্যায়, অবিচার কিংবা অনিয়ম হলে জামায়াতে ইসলামী নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলেও জানান তিনি। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন দলটির আমির।

Share Now

এই বিভাগের আরও খবর